আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
ব্যাংকগুলোর জন্য বিশেষ নির্দেশনাসমূহ:
১. এটিএম বুথ সেবা: * সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে।
- কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে তা সমাধান করতে হবে।
- বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ এবং সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. পয়েন্ট অব সেল (পিওএস): * সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করতে হবে।
- জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহকদের সচেতন করতে হবে।
৩. ই-পেমেন্ট গেটওয়ে: * কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ (2FA) ব্যবস্থা চালু রাখতে হবে।
৪. মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস): * এমএফএস প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত নিরাপত্তা ও সহায়তা:
নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের ছুটি চলাকালীন যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। এছাড়া গ্রাহকদের যেকোনো সমস্যায় সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

