নরসিংদীর মাধবদীতে আলোচিত আমেনা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের সৎ পিতা মো. আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তের তথ্য: পুলিশ জানায়, ভিকটিম আমেনার সঙ্গে নূর মোহাম্মদ ওরফে নূরার প্রেমের সম্পর্ক ছিল। তবে হত্যাকাণ্ডের ১০-১২ দিন আগে হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার নামের ৪ জন আমেনাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে তদন্তে উঠে এসেছে।
হত্যার নেপথ্যে: গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী সৎ পিতা আশরাফ আলী তার সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে আমেনাকে হত্যা করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে আশরাফ জানান, মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
গ্রেফতার ও আইনি ব্যবস্থা: গত ৬ মার্চ মূল অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে গাজীপুর থেকে প্রেমিক নূর মোহাম্মদ এবং ময়মনসিংহ থেকে হযরত আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও গ্রেফতার হয়েছেন— এবাদুল্লাহ, গাফফার, আহাম্মদ আলী মেম্বার, ইমরান দেওয়ান, আইয়ুব এবং ইছাহাক।
মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সাদ্দাম উদ্দিন রাজ/বাংলাদেশ টাইমস

