‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জুবায়ের জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল আজিজ বলেন, “একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নারী ও কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু এবং বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী। বক্তারা নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং নারী উন্নয়নে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিটন রাজ/বাংলাদেশ টাইমস

