নাটোরে টিসিবির পণ্য না পেয়ে হতাশ হয়ে পথে পথে ঘুরে বেড়ানো অসহায় বৃদ্ধা শুকমন বেওয়ার পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব, নাটোর। ঈদকে সামনে রেখে তার হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য পাওয়ার আশায় বিভিন্ন স্থানে ঘুরেও ব্যর্থ হন শুকমন বেওয়া। অসহায় অবস্থায় তার এ দুর্দশার খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।
পরে ক্লাবের সদস্যরা শুকমন বেওয়ার খোঁজ নিয়ে তার বাড়িতে গিয়ে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং ঈদ উপহার পৌঁছে দেন।
এ বিষয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব, নাটোরের একাধিক সদস্য জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। শুকমন বেওয়ার কষ্টের কথা জানতে পেরে তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত শুকমন বেওয়া সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করছে।
বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬

