বলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক রোহিত শেঠির বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনায় তদন্তে বড় সাফল্য পেয়েছে মুম্বাই পুলিশ। এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজস্থান থেকে নতুন করে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অপরাধ দমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। এ নিয়ে এই চাঞ্চল্যকর মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার হওয়া এই ছয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। তাদের জেরা করে এই হামলার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি একই ঘটনায় আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর ও স্বপ্নীল সকতসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রথম দফায় ধরা পড়া এই পাঁচজন সরাসরি গুলিবর্ষণের সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শেষ রাতে রোহিত শেঠির জুহুর বাসভবনের সামনে অতর্কিত ৪-৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলির শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।
বলিউডের ‘হিট মেকার’ হিসেবে পরিচিত রোহিত শেঠি ‘সিংহাম’, ‘গোলমাল’ সিরিজ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। এমন একজন সফল পরিচালকের বাড়িতে হামলার ঘটনায় বলিউড পাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে তার নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়েছে।

