মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে বিশ্বের অনেকেরই কোনো ধারণাই নেই। ইরানে যে আক্রমণ চালানো হয়েছে, তা নিতান্তই প্রাথমিক ও সাধারণ পর্যায়ের। দেশটিতে এখন যুক্তরাষ্ট্র তেমন জোরালো বা কঠোর আঘাত করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে।
স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি। মার্কিন সামরিক বাহিনী ইরানকে যে আঘাত করেছে সেটা সাধারণমানের। তবে আরো বড় পদক্ষেপ সামনে রয়েছে। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে।
সংঘাত দীর্ঘায়িত করতে তিনি চান না উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।
ইরানের জনগণকে সহায়তায় সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমরা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই—সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।
ডোনাল্ড ট্রাম্প জানান, তার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।
ইরানে সম্ভাব্য উত্তরসূরি নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা জানি না কে নেতৃত্বে আসবে। হয়তো তারা ভাগ্যবান হবে এবং দক্ষ কাউকে পাবে।
সূত্র: সিএনএন

