ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে। এবার খোদ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানালেন, আজ রাতেই ইরানে পরিচালিত হবে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমরা তাদের সক্ষমতাগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।”
সাক্ষাৎকারে বেসেন্ট ইরানের বিরুদ্ধে বিশ্ববাজারে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তিনি বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
সূত্র: আল–জাজিরা

