ইরানের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন মোজতবা খামেনি। এতে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সবার জন্য প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রায়াত্ত্ব টিভিতে তার বিবৃতি পড়ে শোনানো হয়। এতে মোজতবা ইরানিদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি বন্ধ করে দিতে বলেছেন মোজতবা। তিনি বলেছেন, আরব দেশগুলোর সঙ্গে তিনি বন্ধুত্বকে বিশ্বাস করেন। কিন্তু এসব দেশে যদি মার্কিনিদের ঘাঁটি থাকে তাহলে সেখানে হামলা অব্যাহত থাকবে।এর পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে কথা বলেছেন মোজতবা। তিনি বলেছেন, হুতিরা ‘তাদের কাজ করবে’। আর ইরাক ইরানকে সহায়তা করতে চায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিনই প্রাণ হারান মোজতবার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। একইসঙ্গে মোজতবার মা, স্ত্রী এবং এক সন্তান ওই হামলায় মারা যান। তবে বেঁচে যান মোজতবা।
সূত্র: আলজাজিরা

