দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ৯ মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি ভেসেল (জাহাজ) দেশে পৌঁছাবে। ফলে বাজারে তেলের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত তেল মজুত আছে। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সরকার।”
তেলের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া রেশনিং ব্যবস্থার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “যুদ্ধ কতদিন চলবে তা অনিশ্চিত, তাই আমরা আগেভাগেই সাশ্রয়ী হওয়ার জন্য রেশনিং করছি। মানুষ ভয় পেয়ে তেল স্টক করা শুরু করেছে, যার কোনো প্রয়োজন নেই। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মাঠে নামবে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।”
মোটরসাইকেলে বর্তমানের ২ লিটার তেলের রেশনিং বাড়ানোর দাবি নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, “আপাতত রেশনিংয়ের পরিমাণ বাড়ানো সম্ভব নয়। আমাদের সঞ্চয় বাড়াতে হবে। তবে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, মানুষ পাম্পে গেলেই তেল পাবে।”
তিনি গণমাধ্যমের মাধ্যমে জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানান।

