দেশে গ্রাহকপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম আগের চেয়ে ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের মূল্য ছিল ১,৯৪০ টাকা।
আজ ২ জুন (মঙ্গলবার) বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য তালিকা প্রকাশ করা হয়। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
কমেছে অটোগ্যাসের দামও
শুধু রান্নার গ্যাসই নয়, পাশাপাশি যানবাহনে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে এখন ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছে। এর ফলে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িচালকদের জ্বালানি খরচ কিছুটা কমবে।
বিগত দুই দফার মূল্যবৃদ্ধির পর কিছুটা স্বস্তি
উল্লেখ্য, এর আগে টানা দুই দফায় এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। গত ২ এপ্রিল সিলিন্ডারপ্রতি ৩৮৭ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১,৭২৭ টাকা। এর মাত্র ১৭ দিন পর, অর্থাৎ ১৯ এপ্রিল আবারও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১,৯৪০ টাকা।
সব মিলিয়ে মাত্র দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল। ফলে মঙ্গলবারের এই মূল্য হ্রাসের ঘোষণা সাধারণ ও মধ্যবিত্ত ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

