বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় ‘কৃষ্ণসার হরিণ হত্যা’ মামলা। আর এই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত বলিউড সিনেমা ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। সিনেমাটি নির্মাণ করার অপরাধে এর পরিচালক ও প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান খানের আইনজীবী।
সম্প্রতি এই সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশের পরপরই সালমানের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। নোটিশে ছবিটির মুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এর সব ধরনের প্রচারণামূলক কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিনেতার অনুমতি ছাড়াই সিনেমা নির্মাণের অভিযোগ
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের আইনজীবীর পাঠানো এই লিগ্যাল নোটিশটি মূলত ছবির কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়, সালমান খান তার নাম, ব্যক্তিত্ব কিংবা তার জীবনসংশ্লিষ্ট কোনো ঘটনা এই সিনেমায় ব্যবহারের অনুমতি বা সম্মতি দেননি। নির্মাতারা মূলত অভিনেতার জনপ্রিয়তা ও সুনামকে পুঁজি করে ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।
একই সঙ্গে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি নির্মাতারা নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।
দমে যেতে রাজি নন প্রযোজক
সালমান খানের আইনজীবীদের এই কড়া নোটিশের জবাবে সিনেমার প্রযোজক অমিত জানি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, সালমানের এই আইনি নোটিশের মূল উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো। তবে তিনি এই হুমকিতে মোটেও দমে যাবেন না এবং সিনেমার কাজ চালিয়ে যাবেন।
এই পাল্টা জবাবের পর সালমান খান বা তার আইনি দলের পক্ষ থেকে নতুন করে আর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
ফিরে দেখা: সালমানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা
উল্লেখ্য, দুই দশক আগে ভারতের রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। এই দীর্ঘস্থায়ী মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে বলিউড ভাইজানকে দুদিন জেলেও কাটাতে হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আর সেই সংবেদনশীল বিষয় পর্দায় আসতেই এবার বাঁধল নতুন বিপত্তি।

